সিলেটট্রিবিউন ডেস্কঃ সৌদি আরবে অবস্থানরত যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে কোনো প্রকার জরিমানা ছাড়াই দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বুধবার (২৫ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত যেসব বাংলাদেশি ভাই-বোনদের ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার পরও দেশ ত্যাগ করতে পারেননি, তাদের জন্য ১৮ এপ্রিল পর্যন্ত বিশেষ সুযোগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলেই কোনো বাধা ছাড়াই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে।
দূতাবাস আরও জানায়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রকার জরিমানা বা ভিসার মেয়াদ বৃদ্ধি ছাড়াই প্রবাসীরা বাংলাদেশে ফিরতে পারবেন। তবে যারা এই সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগ করবেন না, তাদের পরবর্তীতে বড় ধরনের আইনি জটিলতা ও শাস্তির সম্মুখীন হতে হবে বলে সতর্ক করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির প্রেক্ষিতে নিয়মিত ওমরাহ ও ভিজিট ভিসাধারীদের জন্য এই বিশেষ নির্দেশনা জারি করা হলো।
(সূত্র: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ)
সিটি/লিআ/ডেস্ক
