নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট মহানগরীর ঐতিহাসিক কেন্দ্রীয় শাহী ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার।
সোমবার (১৬ মার্চ) দুপুর ২.০০ ঘটিকার সময় শাহী ঈদগাহ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা জোরদার করার লক্ষে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
এসএমপি কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয় ঈদগাহের চারপাশের নিরাপত্তা বেষ্টনী এবং প্রবেশপথগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের দিন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে কমিশনারের সাথে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, শাহী ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পুলিশ কমিশনার জানান, পবিত্র ঈদুল ফিতরের নামাজে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি সজাগ রয়েছে। পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে নগরবাসী উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।
সিটি/লিআ
