আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ ও জাহাজ চলাচলে বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। মাত্র একদিনের ব্যবধানে মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান দুই ব্র্যান্ড— ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই), উভয়েরই দাম চড়া। মঙ্গলবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৩.২৮ ডলারে এবং ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৯৬.৮৫ ডলারে। সোমবারের তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩.১ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ৩.৬ শতাংশ বেড়েছে।
জ্বালানি বাজার পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে, দাম বাড়ার প্রধান কারণ হরমুজ প্রণালিতে ইরানের দীর্ঘস্থায়ী অবরোধ। আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা এই রুটটি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিশ্বের মোট তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশ এই পথ ব্যবহার করে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য এটি ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবে পরিচিত।
গত ২৮ তারিখ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর ইরান এই রুটে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে। গত ১৫ দিনে বিভিন্ন দেশের অন্তত ১২টিরও বেশি তেলের ট্যাংকার ইরানি হামলার শিকার হয়েছে। এসব হামলার কারণে জাহাজ চলাচল অনিয়মিত হয়ে পড়ায় বাজারে সরবরাহ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।
বৈশ্বিক জ্বালানি বাজার পর্যবেক্ষক সংস্থা ফিলিপ নোভার জ্যেষ্ঠ বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেব রয়টার্সকে জানান, “আন্তর্জাতিক তেলের বাজারের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ওপর নির্ভর করছে।” বিশ্লেষকদের আশঙ্কা, এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে।
(সূত্র: রয়টার্স)
সিটি/লিআ/
