![]() |
| ছবিঃ সংগৃহিত |
সিলেটট্রিবিউন ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে নির্বাচনি আচরণবিধি রক্ষা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ নির্বাচনি এলাকায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা তদারকি করবেন। এর পাশাপাশি তারা নির্বাচনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বরত বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করবেন। তারা ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) কাছে যোগদান করবেন এবং এর আগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।
মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৫ ধারা অনুযায়ী, এসব ম্যাজিস্ট্রেট ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতার অধিকারী থাকবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন এবং কর্ম এলাকা নির্ধারণ করে দেবেন। প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে নিয়মিত অবহিত করতে হবে।
সিলেটট্রিবিউন/এসবি/ডেস্ক-০৬
