সিলেটট্রিবিউন ডেস্কঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর হতে পারে, তবে তা কোনোভাবেই ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না।
প্রেস সচিব বলেন, “নির্বাচনের পর যদি তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাকা হয়, তবে ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই হস্তান্তর সম্ভব। আমরা সর্বোচ্চ দ্রুততম সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে চাই।”
সংবাদ সম্মেলনে ১৮০ কার্যদিবস ক্ষমতা ধরে রাখার গুঞ্জনকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে উড়িয়ে দেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, “নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের ক্ষমতা ধরে রাখার কোনো প্রশ্নই আসে না। কিছু পক্ষ জনগণকে বিভ্রান্ত করতে ১৮০ কার্যদিবসের অসৎ ও উদ্দেশ্যমূলক তথ্য ছড়াচ্ছে।”
তিনি আরও স্পষ্ট করেন যে, ১৮০ কার্যদিবসের বিষয়টি কেবল নির্বাচিত প্রতিনিধিদের সংস্কার কাজের জন্য প্রযোজ্য, সেখানে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না। নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার ভার তুলে দিতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
সিলেটট্রিবিউন/জেএন/ডেস্ক-০২
