নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটকে একটি আধুনিক ও ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ভৌগোলিক অবস্থান ও প্রবাসী সংযোগের বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও সিলেটে দীর্ঘদিন ব্যবসায়িক অনুকূল পরিবেশ তৈরি হয়নি। নির্বাচিত হলে অপ্রয়োজনীয় হয়রানি ও অব্যবস্থাপনা দূর করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ‘সিলেট সচেতন ব্যবসায়ী ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই প্রচারণা চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার ও সিটি সুপার মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ ব্যবসায়ীরা তাদের নানাবিধ সমস্যার কথা প্রার্থীর কাছে তুলে ধরলে তিনি তা ধৈর্য ধরে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে খন্দকার মুক্তাদির বলেন, “পরিকল্পিত নগর ব্যবস্থাপনার মাধ্যমে বাজার ও শিল্প এলাকার উন্নয়ন করা হবে যাতে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারেন। বিশেষ করে প্রবাসী ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে স্থানীয় ব্যবসায়িক সংগঠনের সঙ্গে নিয়মিত সংলাপের ব্যবস্থা করা হবে।” তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের বিকাশ মানেই নতুন কর্মসংস্থান এবং সিলেটের অর্থনীতিকে শক্তিশালী করা।
গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন। এছাড়া সাবেক কাউন্সিলর মজিবুর রহমান শওকত, আমিনুজ্জামান চৌধুরী দুলু, হোসেন আহমদ, জলিল মিয়া, দেলোয়ার হোসেনসহ সিলেট নগরীর বিভিন্ন বিপণিবিতানের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ ব্যবসায়ী এই প্রচারণায় অংশ নেন।
সিলেটট্রিবিউন/পিআর/এমএলএ
