নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি সরকার গঠন করলে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক হাদিয়া নিশ্চিত করা হবে। তাদের মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতে একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর মিরাপাড়া ও সোবহানীঘাট এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। খন্দকার মুক্তাদির বলেন, “ইমাম-মুয়াজ্জিনরা সমাজের নৈতিক অভিভাবক। কিন্তু তাদের নিয়োগ ও অবসানের কোনো নীতিমালা না থাকায় তারা অনিশ্চয়তায় থাকেন। আমরা ক্ষমতায় এলে তাদের ন্যায্য অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করব।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাবেক সভাপতি নাসিম হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাইকেল র্যালি ও নদী পরিচ্ছন্নতা অভিযান: এদিকে সকালে খন্দকার মুক্তাদিরের সমর্থনে সিলেট নগরীতে বর্ণাঢ্য সাইকেল র্যালি করেছে ‘সিভিক্স ভয়েজ’। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র্যালিটি ক্বিনব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সংগঠনের সদস্যরা সুরমা নদীর পাড় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশু ও পাশা খন্দকারসহ অন্য নেতৃবৃন্দ।
সিটি/লিআ/নিপ্র
