![]() |
| ছবিঃ সংগৃহিত |
সিলেটট্রিবিউন ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চরমোনাইসহ দেশের আলেম-ওলামারা স্পষ্ট করেছেন যে জামায়াতে ইসলামী কোনো প্রকৃত ইসলামিক দল নয়। তারা ইসলামের নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের নারগুণ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “তারা প্রচার করছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ। কোনো প্রকৃত মুসলমান এমন কথা বিশ্বাস করতে পারে না। জান্নাত পাওয়া নির্ভর করে মানুষের আমলের ওপর। অথচ এই দলের নেতারা মা-বোনদের নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। যারা নারীদের সম্মান করতে পারে না, তারা কীভাবে ভালো কাজ করবে?”
নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “তারেক রহমান স্পষ্ট পরিকল্পনা ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় এলে এক বছরের মধ্যে এক কোটি তরুণ-তরুণীর কর্মসংস্থান করা হবে। মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং এনজিও ঋণের বোঝা সরকার নিজের কাঁধে নেবে।”
ঠাকুরগাঁওয়ের উন্নয়নের চিত্র টেনে তিনি বলেন, বিএনপি আমলে এই জেলায় ভুট্টা চাষের সূচনা এবং বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হয়েছে। বক্তব্যের শেষে তিনি আগামী ১২ তারিখ সকালে কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
সিলেটট্রিবিউন/জেএন/ডেস্ক-০৪
