সিলেটট্রিবিউন ডেস্কঃ প্রতিবেশী দেশ মিয়ানমারে ২০ মিনিটের ব্যবধানে দুই দফায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল দেশটির ম্রাউক-ইউ শহর থেকে ৪২ কিলোমিটার দূরে।
ইউরো-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, প্রথম কম্পনের ঠিক ২০ মিনিট পর দ্বিতীয় দফায় ৫ দশমিক ২ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। ভূ-গর্ভের ৬৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। মিয়ানমারের এই শক্তিশালী কম্পন রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে।
এর আগে, একই দিন ভোরে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোর ৪টা ৩৬ মিনিটে ৪ দশমিক ১ মাত্রার এই কম্পন অনুভূত হয়। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি রিপন জানান, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কলারোয়া এলাকা। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা প্রায় ১৫০ কিলোমিটার হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
একই দিনে ভোরে সাতক্ষীরা এবং রাতে মিয়ানমারের জোড়া ভূমিকম্পের প্রভাবে দেশের মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেটট্রিবিউন/জেএন/ডেস্ক-০৩
