সিলেটট্রিবিউন ডেস্কঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া সেই আলোচিত কন্যা শিশুটির নাম রাখা হয়েছে ‘খালেদা’। সদ্যোজাত সন্তানের এই নাম রেখেছেন তার বাবা শরীফুল ইসলাম ও মা আম্বিয়া খাতুন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম প্রসূতি মা ও নবজাতককে সশরীরে দেখতে গিয়ে এই নাম সংবলিত জন্মসনদ তুলে দেন।
এসময় জেলা প্রশাসক শিশুটিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আম্বিয়া খাতুনের হাতে একটি বাঁধাই করা জন্মসনদ, শিশুর যত্নের প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। ওই জন্মসনদেই শিশুটির নাম ‘খালেদা’ উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সন্তান প্রসব করেন আম্বিয়া খাতুন। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের নজরে আসে। পরে তাঁর নির্দেশনায় জেলা প্রশাসক ও স্থানীয় কর্মকর্তারা প্রসূতি মা ও নবজাতকের নিয়মিত খোঁজখবর নেন এবং এই উপহার সামগ্রী পৌঁছে দেন।
সিটি/লিআ
