সিলেটট্রিবিউন ডেস্কঃ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে বর্ষীয়ান সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শৌচাগারের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি দৈনিক দিনকাল পত্রিকার সিনিয়র সাংবাদিক ছিলেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শৌচাগারের দরজা খুলে তাঁর নিথর দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি স্ট্রোক করে মারা গেছেন। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আলী মামুদ সাংবাদিক মহলে অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও সাংবাদিক ইউনিয়নগুলোর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
সিটি/লিআ/ডেস্ক-০১
