নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে ঘিরে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে সৃষ্টি হয়েছে ব্যাপক জনউৎসাহ। প্রতিদিনই তিনি কখনো গাড়িতে, কখনো হেঁটে হাজারো মানুষের সঙ্গে দেখা করছেন; গ্রাম থেকে গ্রামে ছুটে শুনছেন বঞ্চনা ও অবহেলার দীর্ঘদিনের দুঃখগাথা।
এই তিন উপজেলার মানুষ বিশ্বাস করেন—এলাকার দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা সমাধানে প্রয়োজন দক্ষ, যোগ্য ও কাজের মানুষ। আর সে কারণেই আরিফুল হক চৌধুরীর প্রতি আস্থা আরও গভীর হচ্ছে স্থানীয়দের। তাঁকে দেখতেই প্রতিদিন বিভিন্ন স্থানে নেমে আসছে জনস্রোত।
শুক্রবার (১২ ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলার ১০নং আলীরগাঁও ইউনিয়ন এবং কোওর বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল নামে। উপস্থিত জনতার ভালোবাসায় সিক্ত হন আরিফুল হক চৌধুরী।
পথসভায় তিনি বলেন, “এই জনপদগুলো কতটা অবহেলিত—আমি না এলে বুঝতেই পারতাম না। যদি জনগণ আমাকে বিজয়ী করেন এবং বিএনপি সরকার গঠন করে, ইনশাআল্লাহ এক বছরের মধ্যেই পরিবর্তনের দৃশ্য আপনাদের চোখে পড়বে।” তিনি আরও বলেন, প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে শিল্প, পর্যটন এলাকা ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব। এতে বেকারত্ব নিরসন এবং ব্যবসা-বাণিজ্যে গতি ফিরে আসবে।
গণসংযোগের সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
স্থানীয় কোওর বাজারে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি চেরাগ আলী। পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ চেয়ারম্যান, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ছমির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শুকুর মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার ছাত্রদলের নেতারা পথসভা ও প্রচারণায় অংশ নেন এর আগে সকালে আরিফুল হক চৌধুরী ১০নং আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও বাজারে গণসংযোগ করেন। পরে তিনি পাঁচপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।