নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. রাজিব আহমদ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ক্বীন ব্রিজের দক্ষিণ মুখ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রাজিব আহমদ দক্ষিণ সুরমা থানার ঝালোপাড়া (স্বপ্ননীড়-৮৫) এলাকার মো. রফিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার এসআই মো. আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ভার্থখলা এলাকায় অভিযান চালায়। এসময় ক্বীন ব্রিজ থেকে কদমতলী বাস টার্মিনালগামী রাস্তার ওপর থেকে রাজিবকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় একটি মামলা (মামলা নং-২৮) দায়ের করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
