নিজস্ব
প্রতিবেদকঃ সিলেট নগরীতে হেটে হেটে ফুল
বিক্রি করে ভাইরাল হওয়া সেই ছোট্ট ফাইজা আক্তার মাইশার পড়াশোনা ও যাবতীয় ভরণপোষণের
দায়িত্ব নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও সিলেট টাইটানসের
সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। সম্প্রতি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইজার ফুল বিক্রির ছবি ও ভিডিও ভাইরাল
হওয়ার পর তার দায়িত্ব
নিতে অনেক বিত্তবান আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত ফাহিম চৌধুরী তার পাশে দাঁড়ালেন।
শুক্রবার
(৩ এপ্রিল) রাত ১০টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এই তথ্য নিশ্চিত
করে তিনি জানান, ফাহিম আল চৌধুরী ব্যক্তিগতভাবে
তাকে ফোন করে ফাইজার পড়াশোনা ও যাবতীয় ব্যয়ভার
গ্রহণের বিষয়টি অবগত করেছেন। নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার ও দরগাহ এলাকায়
ঘুরে ঘুরে ফুল বিক্রি করা এই পিতৃহারা ও
মাতৃহারা শিশুটির নিষ্পাপ হাসি নাড়া দিয়েছে দেশ-বিদেশের অগণিত মানুষকে।
এসএমপি কমিশনার
আরও জানান, সিলেটে অনেক বিত্তশালী ও সমাজদরদী মানুষ
রয়েছেন। সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে আসলে ফাইজার মতো অসংখ্য সুবিধাবঞ্চিত শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়া সম্ভব। এদিকে দায়িত্ব নেওয়ার ঘোষণার পর শনিবার দুপুরে
প্রবাসী ফাহিম আল চৌধুরীর পক্ষ
থেকে শিশু ফাইজার বাসায় প্রথম দফা উপহার সামগ্রী পাঠানো হয়েছে। প্রবাসীর বড় ভাই সেলিম
চৌধুরী সশরীরে উপস্থিত হয়ে এই উপহার পৌঁছে
দেন।
সিটি/লিআ/
