নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা সংলগ্ন এলাকায় অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিজিবি, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এক বিশাল যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩৯টি মাহিন্দ্রা ট্রাক্টরসহ বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে সিলেট ৪৮ বিজিবির অধীনস্থ নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান শুরু হয়। সীমান্ত পিলার ১২৪৬/৫-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা অভিযানে নামেন।
বিজিবির কালাসাদেক বিওপির নেতৃত্বে কালাইরাগ, নোয়াকোট ও লবিয়া বিওপির একাধিক টিম এই অভিযানে অংশ নেয়। পরবর্তীতে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার-এর নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ কমান্ডে অভিযানটি আরও জোরদার করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে অবৈধ পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত ৩৯টি মাহিন্দ্রা ট্রাক্টর, প্রায় ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় অবৈধ কাজের সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দ করা ট্রাক্টর ও পাথর বর্তমানে থানায় সংরক্ষিত আছে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় এবং অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সিটি/লিআ/
