নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে পরিকল্পিত উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ছিল জৈন্তাপুরের মানুষ। বিগত সরকার উন্নয়নের বুলি আওড়ালেও তারা মূলত এই অঞ্চলের সম্পদ লুটপাটে ব্যস্ত ছিল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, “দীর্ঘ ১৭ বছরেও জৈন্তাপুরের রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার অবস্থা নাজুক। একটি গোষ্ঠী কেবল রাজনৈতিক ফায়দা লুটতেই ব্যস্ত ছিল, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি।” তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবারের ভোট উৎসবে মেতে উঠতে হবে। শহীদদের স্বপ্ন পূরণে ভোটারদের কেন্দ্রে আনতে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশু, মহানগর বিএনপির নেতা সালেহ আহমদ খসরু, ইশতেয়াক আহমদ সিদ্দিকী, জমিয়তে উলামায়ে ইসলাম জৈন্তাপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সিটি/লিআ/প্রেবি