সিলেটট্রিবিউন ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ১৭ বছরে দেশ থেকে পাচার হওয়া সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা ক্ষমতায় গেলে কোনো পাচারকারী শান্তিতে ঘুমাতে পারবে না। তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সেই টাকা বের করে রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়া হবে।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে জামায়াতসহ ১১ দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের উন্নয়ন নিয়ে বড় প্রতিশ্রুতি: ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চল বঞ্চনার শিকার। জামায়াত ক্ষমতায় গেলে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে রূপান্তর করা হবে এবং বন্ধ হওয়া ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুসহ নতুন রুট বাড়ানো হবে। নদী দখল ও দূষণমুক্ত করে স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
প্রবাসীদের জন্য রাষ্ট্রীয় গ্যারান্টি: প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে যথাযথ সম্মান দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রবাসীদের লাশ দেশে ফেরাতে সব হয়রানি বন্ধ হবে। এমনকি কোনো প্রবাসী উপার্জনের আগে মারা গেলে তার পরিবারের দায়িত্ব নেবে সরকার।
দুর্নীতি ও হাওর রক্ষা: হাওরাঞ্চলের কৃষি উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দুর্নীতিবাজদের পেটে বাঁধের টাকা যায় বলেই ইঁদুরে বাঁধ কাটার অজুহাত দেওয়া হয়। আমরা সুনামগঞ্জকে দেশের কৃষি রাজধানী হিসেবে গড়ে তুলব।”
সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডা. শফিকুর রহমান সিলেটের ৬টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং দুর্নীতিমুক্ত ইনসাফ কায়েমের শপথ ব্যক্ত করেন।
সিটি/লিআ/সিভি
