সিলেটট্রিবিউন ডেস্কঃ সিলেট-২ আসনের নির্বাচনী ময়দানে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বনাথে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভায় মিছিল নিয়ে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় জননেতা ও উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্বনাথ পৌরসভার নতুন বাজার এলাকায় জনসভাস্থলের ঠিক পাশেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে একটি বিশাল মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন সুহেল আহমদ চৌধুরী। মিছিলটি নতুন বাজার এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুহেল আহমদ চৌধুরী সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্ষীয়ান এই নেতার মৃত্যু সংবাদে নির্বাচনী এলাকায় স্তব্ধতা নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকাতুর নেতাকর্মীরা বলছেন, ধানের শীষের লড়াইয়ে রাজপথেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি প্রার্থী তাহসিনা রুশদী লুনাসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
সিটি/লিআ/ডেস্ক
