বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ আলীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে তার পক্ষে মাঠে নেমেছেন শত শত স্থানীয় নারী-পুরুষ। শুক্রবার (২০ জুন) বিকেলে পাঠাকইন-মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তারা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
স্থানীয়রা জানান, আয়াজ আলী দীর্ঘদিন ধরে ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং এলাকায় মাদক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ কারণে একটি মহল তাকে ষড়যন্ত্রমূলকভাবে একাধিক মামলায় জড়িয়েছে বলে অভিযোগ তাদের।
মানববন্ধনে বক্তব্য রাখেন কাদিপুর গ্রামের রফিক আলী, পাঠাকইন গ্রামের গনি শাহ, মনোহরপুর গ্রামের তাজুল ইসলাম, আব্দুল মতিন, কাছাই বিবি, লায়লা বেগম ও আজিজনগর গ্রামের মিনারা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, “যে ঘটনার মামলায় আয়াজ আলীকে আসামি করা হয়েছে, সেই সময় তিনি তাজপুরে একটি সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন, যার স্বাক্ষী রয়েছে। একজন সৎ ও দায়িত্ববান মেম্বারকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হলে এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হবে।”
তারা আরও বলেন, “আয়াজ আলী যদি খারাপ মানুষ হতেন, তাহলে তার পক্ষে নারীরাও কি রাস্তায় নেমে আসতেন?” প্রশাসনের প্রতি তাদের দাবি, নিরপেক্ষ তদন্ত করে মিথ্যা মামলা থেকে ইউপি সদস্য আয়াজ আলীকে অব্যাহতি দেওয়া হোক।
উল্লেখ্য, গত ৫ জুন পাঠাকইন গ্রামে চুনু মিয়া ও গনি শাহ পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় (মামলা নং-২, তারিখ: ৭.০৬.২৫) আয়াজ আলীকে প্রধান আসামি করা হয়। একইভাবে ২৮ মে জালাল মিয়া ও সুমন মিয়া পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় (মামলা নং-১, তারিখ: ১.০৬.২৫) তাকে ২ নম্বর আসামি করা হয়।
