ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের 'বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট' অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দয়ামীর ইউনিয়নের দয়াময়ী ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের ফাইনালে বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দয়াময়ী আব্দুস সুবান সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।"
তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ তৈরি করে। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সরকার ও স্থানীয় প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ মিছবা।
এছাড়াও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আহবাবুল ইসলাম এবং উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা কমিটির সদস্য নুহেল আহমদ চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সিটি/লিআ/নিপ্র
