নিজস্ব প্রতিবেদকঃ সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ ও ৬ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সুনামগঞ্জের দিরাই ও সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও রুবেলায় আক্রান্ত এবং সন্দেহজনক রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে এবং সন্দেহজনক রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় মোট ১২৮ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সুনামগঞ্জে ৬৪ জন, সিলেটে ৪০ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ৮ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) রয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২০০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৮৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৬ জন ভর্তি আছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা চলছে।
পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩ জন এবং হামের উপসর্গ বা সন্দেহজনক অবস্থায় ১৫ জনসহ মোট ১৮ জন প্রাণ হারিয়েছেন। হঠাৎ করে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি যেকোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।
সিটি/লিআ/নিপ্র
