ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবে আগমন উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী নজমুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার (১২ মে) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় সুধীজনরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শরীফ আহমদ চৌধুরী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজুল মিয়া এবং ওসমানীনগর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নুহেল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি এবং সমাজ উন্নয়নের অন্যতম কারিগর। প্রবাসীদের সঙ্গে সাংবাদিক সমাজের এই সুসম্পর্ক এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
যুক্তরাজ্য প্রবাসী নজমুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এই সংগঠনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের পাশে থাকার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবি বশির মিয়া, দিদার হোসেন সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিটি/লিআ/নিপ্র
